নিজের মাথায় গুলি চালিয়ে গুরুতর আহত সাবেক ব্যাংক কর্মকর্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হয়েছেন শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা।

শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ইমাম হোসেনের বাড়ির ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

শাহিদ হোসেন হাজীপাড়া এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি হওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

শাহিদের স্ত্রী শারমিন জানান, তার স্বামীর কিছুটা মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। গুলির ঘটনায় ব্যবহৃত পিস্তলটি কোথা থেকে এসেছে, সেটি তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, সকালে হাজীপাড়া এলাকার একটি বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুরুতর আহত অবস্থায় পৌনে ৮টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top