চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আলোচিত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই আগামীকাল বৃহস্পতিবার।
এদিন বিকেল ৩টায় ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ডিপি ওয়ার্ল্ড দুবাইভিত্তিক একটি বৈশ্বিক বন্দর ও লজিস্টিকস প্রতিষ্ঠান। পাবলিক – প্রাইভেট পার্টনারশিপের আওতায় এনসিটি টার্মিনাল পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড।
প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছরের চুক্তির বিষয়টি গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ সরকারের পিপিপি কর্তৃপক্ষ চুক্তিটিকে দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন এবং ভবিষ্যতে আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ হিসেবে দেখছে।
তবে চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার আলোচনা শুরু হয় ২০১৯ সাল থেকে। এরপর সৌদি আরব, দুবাই ও দেশিয় একটি প্রতিষ্ঠান এ টার্মিনাল পরিচালনার প্রস্তাব জমা দেয়।
পরে বিদেশিদের হাতে বন্দর পরিচালনার বিষয়টি নিয়ে বিরোধিতা শুরু করে বন্দর শ্রমিক ও বিভিন্ন সংগঠন।
গত দুই বছর টানা আন্দোলন, মিছিল সমাবেশ করছে শ্রমিক সংগঠনগুলো। এরই মধ্যে আগামীকাল এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে ইনভেস্ট বাংলাদেশ।
চাটগাঁ নিউজ/জেএইচ






