চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫ জনে।
তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরে এখন পর্যন্ত এ রোগে চট্টগ্রামে ২১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২০ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২১ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯৫ জনের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ১৮২ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৯১৩ জন।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন ডেঙ্গু রোগী।
চাটগাঁ নিউজ/এমকেএন






