চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত ছুটি চলাকালে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসহ জরুরি ও জনসেবামূলক কার্যক্রম চালু থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
হাসপাতাল, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক-কর্মীরাও এ ছুটি পাবেন না। একইভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অফিস ও প্রতিষ্ঠানও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটির বিষয়টি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






