নাজিরহাট বাজারে প্রশাসনের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট বাজারে অবৈধ দখল প্রতিরোধ এবং অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পোল্ট্রি ফিড বিক্রি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।

অভিযানকালে নাজিরহাট বাজারের বিভিন্ন স্থানে থাকা অবৈধ দখল ও স্থাপনা চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট দখলদারদের এসব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এ সময় অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ‘তাওসিফ পোল্ট্রি ফিড অ্যান্ড ভেটেরিনারি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ জানান, জনস্বার্থে অবৈধ দখল, অনুমোদনহীন ব্যবসা এবং আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top