নতুন ভিসিকে শিক্ষকদের প্রত্যাখ্যান, সর্বাত্মক অসহযোগের ডাক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ ও দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বহিরাগতদের সহায়তায় উপাচার্য ক্যাম্পাসে ঢুকেছেন দাবি করে তাকে প্রত্যাখ্যান করেছে চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক অসহযোগ ও পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

সোমবার (১২ অক্টোবর) চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে তিন সংগঠনের যৌথ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘নবনিযুক্ত উপাচার্য বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন যৌথভাবে এর তীব্র নিন্দা জানিয়ে তার ক্যাম্পাসে উপস্থিতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। তৎপ্রেক্ষিতে ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তার সম্পূর্ণ দায়ভার নবনিযুক্ত ভিসিকেই বহন করতে হবে।’

তিনি আরও বলেন, পূর্বঘোষিত দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত চুয়েটের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সব ধরনের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। এই সময়ে পূর্ণ কর্মবিরতি পালনের পাশাপাশি প্রশাসনকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগ দিলেও টানা ১৮ দিন ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন উপাচার্য।

পরে আজ সোমবার সকালে তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। এর পরপরই শিক্ষার্থীরা তাঁকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এমন পরিস্থিতিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক অসহযোগের ঘোষণায় চুয়েটের অচলাবস্থা আরও ঘনীভূত হলো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top