চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মধ্যে নতুন ঘর নির্মাণের সামগ্রী ও গৃহস্থালি উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জলদি পৌরসভার বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ১০০ ঘর নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মাওলানা হামেদ সওদাগর, দানবীর ফরিদ উদ্দিন রাজু, বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, সমাজসেবক মুবিনুল হক ও আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের অধ্যাপক ডা. ইকরামুল্লাহ খান।
সহায়তার মধ্যে রয়েছে ঘর নির্মাণের টিন, খুঁটি, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এবং মিস্ত্রির খরচ। পাশাপাশি পরিবারগুলোর জন্য খাট, তোশক, বেডশিট, মাদুর, বালিশ, মশারি, বালতি, মগ, ডেকচিসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সমাজের প্রতি সম্মিলিত দায়বদ্ধতার অংশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই ফাউন্ডেশন পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করা এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু ঘর নির্মাণ নয়, পরিবারগুলো যাতে প্রয়োজনীয় মৌলিক সামগ্রী নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশন সামর্থ্য অনুযায়ী কাজ করে যাবে।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, ১০০টি ঘর নির্মাণ প্রকল্পের আওতায় বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলোকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৪০টি পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী ও গৃহস্থালি উপহার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্বাচিত পরিবারগুলোর জন্য এসব নির্মাণসামগ্রী দিয়ে নতুন ঘর নির্মাণ করা হবে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ফাউন্ডেশন।
চাটগাঁ নিউজ/এসএ





