চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা এলাকার নুর উদ্দীন সোহেল (৩০), পটিয়ার ধলঘাট ইউনিয়নের তাপস পালিত ওরফে শিমুল (৫১) এবং ভূজপুরের দীপক কান্তি দে (৫৮)।
পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী থানার লিংক রোড এলাকায় এক ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নুর উদ্দীন সোহেলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দুটি চায়না রাইফেলের গুলি এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগরের চেরাগী পাহাড় এলাকা থেকে তাপস পালিতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
এর ধারাবাহিকতায় তাপসের দেওয়া তথ্য অনুযায়ী ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীপক কান্তি দে’কে আটক করা হয়। তার কাছ থেকে আরও ১০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





