নকশাবহির্ভূত নির্মাণ, ৭ ভবন মালিক গুনলেন ৪০ লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ভবনের মালিককে মোট ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই সঙ্গে চারটি ভবন সিলগালা করা হয়েছে এবং তিনটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নগরের বিভিন্ন এলাকায় সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দিনব্যাপী মোট ১৫টি ভবনে অভিযান পরিচালনা করা হয়।

সিডিএ সূত্রে জানা যায়, কল্পলোক আবাসিকে বাধ্যতামূলক সেটব্যাক (প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি স্থান) না রাখা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে চারটি ভবনের মালিককে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি ভবন সিলগালা করা হয়।

এ সময় কল্পলোক আবাসিক এলাকায় ফুটপাত দখল করে নির্মিত বেশ কয়েকটি দোকান মালিককে নিজ উদ্যোগে সেগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরে কে বি আমান আলী রোড এলাকায় সেটব্যাক না রেখে এবং সড়ক দখল করে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে মোহরা এলাকায় অভিযান চালিয়ে অনুমোদিত নকশা ছাড়া ভবন নির্মাণের অভিযোগে একটি ভবন সিলগালা করা হয়। এছাড়া নকশাবহির্ভূত নির্মাণের দায়ে দুই ভবনের মালিককে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভবনে অভিযান চালানো হয়। ভবনটি সিডিএর অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের প্রমাণ মেলায় ভবনটি সিলগালা করা হয়। একই অভিযানে ১৪ তলা কাজী টুইন টাওয়ার ভবনের মালিকপক্ষ অনুমোদিত নকশা উপস্থাপন করতে না পারায় ভবনটিও সিলগালা করা হয়।

সিডিএর অথরাইজড অফিসার-২ কাজী কাদের নেওয়াজ জানান, সিডিএ’র অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ১২(১) ধারা অনুযায়ী সাতটি ভবন মালিককে জরিমানা ও চারটি ভবন সিলগালা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদ এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top