দুই সংসারের সন্তানদের নিয়ে ঈদ উদযাপনে জেমস

বিনোদন ডেস্ক: দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমস। মঞ্চে তিনি নিয়মিত সরব থাকলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগর বাউল’খ্যাত এই তারকা। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের মধ্যে সবসময়ই তুঙ্গে থাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ। ছবিগুলোতে দুই সংসারের সন্তানদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে জনপ্রিয় এই সংগীতশিল্পীকে।

রথি কানিজের শেয়ার করা একটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তার মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানকে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানের উপস্থিতি ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।

আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস এবং তার বর্তমান স্ত্রী নামিয়াকে। এক ফ্রেমে বাবা, স্বামী ও পরিবারের সদস্যদের উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া বড় মেয়ে জান্নাতের সঙ্গে জেমসের একটি আলাদা ছবিও প্রকাশ করেছেন রথি কানিজ। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’

ছবিগুলোতে জেমসের পারিবারিক রূপ দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই দম্পতির এক মেয়ে জান্নাত ও এক ছেলে দানিশ রয়েছে।

এদিকে, ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের ২৫ অক্টোবর জেমসের তৃতীয় বিয়ে ও আবার বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর গণমাধ্যমকে জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা, পরে সম্পর্ক গড়ায় বিয়েতে। দীর্ঘদিন যোগাযোগের পর ২০২৪ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top