চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধূ আয়শা ছিদ্দিকা মুক্তার আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে থাকা আসামি মোছাম্মৎ মনোয়ারা বেগমকে জামিন দিয়েছেন আদালত। এর ফলে তার সঙ্গে কারাগারে থাকা আড়াই বছরের আরাফ ও সাত মাস বয়সী জাইফা ইসলামও মুক্ত হয়ে দাদির হেফাজতে থাকতে পারবে।
বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নানের আদালত শুনানি শেষে মনোয়ারা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ১ জুলাই মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত মুক্তার স্বামী আরিফুল ইসলাম জিফাত (২৯), শাশুড়ি মোছাম্মৎ মনোয়ারা বেগম এবং ননদ মোছা. নাদিয়া আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময় বিকল্প অভিভাবক না থাকায় দুই শিশুকেও তাদের অভিভাবকদের সঙ্গে কারাগারে থাকতে হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফোরকান মোহাম্মদ জানান, মনোয়ারা বেগম ও নাদিয়া আক্তারের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালতে শিশু দুটিকে উপস্থিত করে জানানো হয়, তাদের দেখভালের জন্য অন্য কোনো অভিভাবক নেই। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আদালত মনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেন। তবে নাদিয়া আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার হাজীপাড়া এলাকার নিজ বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আয়শা ছিদ্দিকা মুক্তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুক্তার বাবা মো. মনির আহমদ বাদী হয়ে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে গত ৬ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করে, মুক্তার মৃত্যু সরাসরি হত্যাকাণ্ড নয়; তবে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের ধারাবাহিক মানসিক ও শারীরিক নির্যাতন এবং যৌতুকের দাবির চাপে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
তদন্তে আরও বলা হয়, ২০২৩ সালের ২৭ এপ্রিল আরিফুল ইসলাম জিফাতের সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার জন্য অতিরিক্ত পাঁচ লাখ টাকা এবং ঈদ উপলক্ষে দামি উপহার দাবি করে তার ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর তিন দিন আগে মুক্তা তার বাবাকে ফোন করে যৌতুকের টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধজনিত আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





