আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরনে থাকা একটি স্যুট আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের দেশে তার এই স্যুট নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তার কারণ তার মতো একজন ধনকুবের যে স্যুটটা পরেছেন সেটা অপেক্ষাকৃত কম দামি ব্র্যান্ডের। যার সম্ভাব্য উৎপাদক দেশ বাংলাদেশ!
তাইতো যুক্তরাষ্ট্র থেকে হাজার মাইল দূরের দেশ বাংলাদেশে এ খবর নিয়ে চলছে জোর আলোচনা। কারণ সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্পের স্যুটটি সম্ভবত চীন কিংবা বাংলাদেশে তৈরি।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক সমাবেশে ট্রাম্প নেভি ব্লু রঙয়ের একটি স্যুট পরে উপস্থিত হয়েছিলেন। সেখানে তোলা একটি ছবিতে স্পষ্ট ধরা পড়ে স্যুটটি জস. এ. ব্যাংক ব্র্যান্ডের; যা অপেক্ষাকৃত কম দামি একটি ব্র্যান্ড।
বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই বেমানান। মার-এ-লাগোতে নিজের যার বিলাসবহুল প্রাইভেট ক্লাব রয়েছে, সেই ব্যক্তি কি সাধারণ শপিং মল থেকে স্যুট কেনেন?
ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন সেই প্রেসিডেন্ট যিনি নিজের নামে ১ লাখ ডলারের ঘড়ি বিক্রি করেন এবং ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় নাম তুলতে নিজের সম্পদের পরিমাণ বাড়িয়েও দেখান বলে, কথিত রয়েছে। অর্থাৎ ‘স্ট্যাটাস সিম্বল’ যে তার কাছে গুরুত্বপূর্ণ সেটা তিনি দেখিয়ে এসেছেন বারবারই।
রাজনৈতিকভাবেও বিষয়টি বাঁকা চোখে দেখছেন অনেকে। কারণ, ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অন্যতম মূলভিত্তি হলো ‘আমেরিকা ফার্স্ট’ বা মার্কিন অর্থনীতি ও পণ্যকে অগ্রাধিকার দেওয়া। অথচ তিনি যে ব্র্যান্ডের স্যুট পরেছেন, সেই ‘জস. এ. ব্যাংক’-এর অধিকাংশ পোশাকই তৈরি হয় চীন বা বাংলাদেশের মতো এশীয় দেশগুলোতে। ট্রাম্পের নিজস্ব অনলাইন শপে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি কেবল একটি টাই-ই বিক্রি হয় ১২৫ ডলারে, সেখানে দেশের প্রেসিডেন্ট হিসেবে আমদানিকৃত সস্তা স্যুট পরা তার নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক বার্তার সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে ট্রাম্পের এই সাধারণ পোশাক পরা কোনো পূর্বপরিকল্পিত চাল, নাকি বয়সের সাথে সাথে তার ফ্যাশন সচেতনতা কিছুটা বদলে যাওয়া—তা নিয়ে ধোঁয়াশা কিছুটা রয়েই গেছে!
চাটগাঁ নিউজ/জেএইচ






