চাটগাঁ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ (৩৫) হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে প্রায় ৩ ঘণ্টা ধরে বন্দরের মদনপুর এলাকায় মহসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে নেতাকর্মীরা টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে সড়ক অবরোধ করে রাখে। তাদের বুঝিয়ে শুনিয়ে প্রায় ৩ ঘণ্টা পর সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করি।
এর আগে বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়। এই মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন মাছুম বিল্লাহ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন হোয়াটস অ্যাপে এক বার্তায় জানান, হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ নয়জনকে আটক করেছে পুলিশ। থানায় এখনো হত্যা মামলা দায়ের হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ





