চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি। রবং জানাজায় অংশ নিতে গিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন। সেখান থেকে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ রোববার (১১ অক্টোবর) বিকালে ধানমন্ডির তাকওয়া মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, আজ বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজেও এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নিতে গেলে চারজনকে আটক করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আটককৃতদের মারধর করে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে পুলিশ বলছে, ধানমন্ডিতে রোটনের জানাজা অনুষ্ঠিত হয়নি। এমনকি তাকওয়া মসজিদে মরদেহও আনা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমন্ডিতে কোনো জানাজা হয়নি। কারো মরদেহও আসেনি। তবে তাকওয়া মসজিদের পেছনে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চারজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
আজ তার মরদেহ ঢাকায় আসে। ঢাকায় জানাজা শেষে আগামীকাল সোমবার চট্টগ্রামের দাফনের কথা রয়েছে। তবে চট্টগ্রামে তার জানাজা কোথায় হবে কিংবা আদৌ হবে কী না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ






