চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর চৌধুরী এবং ট্রেজারার মো. বেলাল উদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন একই কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন।
মামলায় মোট ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০ এবং ১০৯ ধারায় অভিযোগ করা হয়েছে। এর মধ্যে তারা চট্টগ্রাম ডায়াবেটিক সমিতিতে দায়িত্ব পালনকালে বরাদ্দ করা সরকারি অনুদানের দুই কোটি ২১ লাখ টাকা এবং অন্যান্য অনুদানের ১৭ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে এসব অপরাধ সংগঠিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান আসামি জাহাঙ্গীর চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের ফারুখ আহমেদ চৌধুরীর ছেলে। অন্য আসামি মো. বেলাল চৌধুরী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হাজিপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরকারি মঞ্জুরিকৃত অনুদানের টাকা যোগসাজশ করে ২০২০ সালের ৪ জুলাই হাসপাতালের জন্য একটি জমি ক্রয়ের বায়নানামা তৈরি করেন। ওই অনিবন্ধিত বায়নানামায় বেলাল উদ্দিন হাসপাতালের পক্ষে বায়নাগ্রহীতা এবং জাহাঙ্গীর চৌধুরী বায়নানামা দাতা হিসেবে ছিলেন।
দুদকের অনুসন্ধানকালে ১নং আসামি জাহাঙ্গীর চৌধুরী হাটহাজারী ভূমি অফিসের অধীন ৬ দশমিক ৪৪ একর জমির মালিকানা ২০০৬ সালের ৫ অক্টোবর তারিখের ১০৮৮৫ নং আমমোক্তারনামামূলে দাবি করেন। আমমোক্তারনামা দেন মোহাম্মদ ইদ্রিস চৌধুরী। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর তিনি মারা যান। এরমধ্যে ওই জমির কোনো নামজারি কিংবা জমাভাগ খতিয়ান করা হয়নি। কিন্তু সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ওই বায়নানামায় ৬ দশমিক ৪৪ একর জমির মূল্য ৯ কোটি টাকা উল্লেখ করা হয়। তবে তারা হাসপাতালের জমি কেনার জন্যে কমিটিতে কোনো আলোচনা করেননি।
পাশাপাশি ওই জমির বায়নানামা দেখিয়ে সরকারি বরাদ্দকৃত অনুদানের ২ কোটি ২১ লাখ টাকা এবং সিডিবি প্রকল্পের নামে ১৭ লাখ ৯৫ হাজার টাকা জাহাঙ্গীর চৌধুরী নিজের ব্যাংক হিসেবে স্থানান্তর করে আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ






