চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের আগেই পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৮ ও ২৯ জুন দমদমিয়া বিওপির সদস্যরা পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নাফ নদীপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা সার ও নৌকা উদ্ধার করা হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ২৮ জুন সকাল সাড়ে ৮টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকার নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
পরদিন ২৯ জুন ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরও ২২ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়। জব্দকৃত সব মালামালই মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া ৩২ বস্তা সার ও দুটি নৌকার আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






