চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
আটক জেলেরা হলেন— সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
আবুল কালাম জানান, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়ার পর একটি ট্রলারসহ পাঁচ মাঝি-মাল্লাকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়। খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীর্ঘদিন পর আবারও এমন ঘটনা ঘটায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাছ ধরার সময় জেলেরা সীমান্তবর্তী জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি তাদের আটক করেছে। আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের উদ্ধারে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






