চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে চাঞ্চল্যকর মানবপাচার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদা খাতুনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা আ.ম. ফারুক।
র্যাব জানায়, ফরিদা খাতুন কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি আলোচিত মানবপাচার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ২০১২ ও ২০১৫ সালে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে পৃথক মামলা দায়ের হয়েছিল।
রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ ১১ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি টেকনাফের দুর্গম সীমান্তবর্তী ও উপকূলীয় বাহারছড়াসহ বিভিন্ন এলাকায় ছদ্মনাম ব্যবহার ও বেশ পরিবর্তন করে অবস্থান করছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদা খাতুনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






