চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বায়েজিদ বোস্তামী এলাকার আরেফিন নগর লিংকরোডের একটি চেকপোস্ট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
মঙ্গলবার (২৬ মে) বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন আরেফিন নগর লিংকরোডের ছিন্নমূল ১ নম্বর গেইট চেকপোস্টে গিয়ে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম এবং আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার দায়িত্বপালনে সততা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সন্দেহজনক যেকোনো কার্যক্রমে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্টগুলোতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন-অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





