চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা থেকে রাঙামাটিতে এক ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। তারা জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডিবিসি রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীসহ দুজনকে আটক করে সাদা গাড়িতে তুলে ঢাকার পথে রওনা দেয়।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ ছিল বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব।
জানা গেছে, ঢাকায় করা সাইবার সিকিউরিটির মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ধরতে ঢাকা থেকে ডিবির একটি দল রাঙামাটিতে অভিযানে যায়। দুপুরে সুমনকে ধরতে গিয়ে সাংবাদিক সৈকতের সঙ্গে ডিবি পুলিশের কথা-কাটাকাটির জেরে পুলিশ সুমন ও সৈকত দুজনকেই সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তবে পুলিশ দাবি করছে, শাহবাগ থানার পর্নগ্রাফি আইনের মামলায় রাঙামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
রাঙামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব এ বিষয়ে বলেন, শাহবাগ থানায় পর্ণগ্রাফি আইনে একটা মামলা হয়েছে ওই সাংবাদিকের বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে ডিএমপি গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে রাঙামাটিতে তার নামে কোনো মামলা নেই বলে নিশ্চিত করেন পুলিশ সুপার।
এদিকে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর স্ত্রী তুশি বড়ুয়া সাংবাদিকদের জানান, অনেকবার ফোন করার পর সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে সৈকতের সঙ্গে আমার কথা হয়েছে। আমাকে বলেছে, সে ভালো আছে। সে একটা কাজে ঢাকায় যাচ্ছে। চিন্তা না করতে বলেছে। সে ফোন করলে আর ধরতে পারবে না। সময় হলে সে নিজে ফোন করবে বলে জানিয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





