চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আগামী ২০ আগস্ট সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন দুপুর ২টায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ‘নির্বাচনী কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পক্ষে প্রজ্ঞাপনটি জারি করেন ইসি সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৬ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।
এতে আরও বলা হয়, ২০ আগস্ট দুপুর ২টায় ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত জোট প্রার্থী দিয়েছে। একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ হলে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে প্রায় ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট দেবেন সংসদ সদস্যরা। কারণ, এই সময়ে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





