চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় এবং আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ও পড়াশোনার পরিবেশ বজায় রাখতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয়ও হ্রাস পাবে।
বিশেষ করে বিদ্যুৎ সংকটের সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে আরও উল্লেখ করা হয়, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব জ্বালানির অন্যতম উৎস।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ ব্যবস্থা চালু করা হলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর পাশাপাশি টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার পথ সুগম হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের আবাসিক জীবনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
চাটগাঁ নিউজ/এসএ






