চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এনএসআইয়ের সহায়তায় পরিচালিত অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে ‘মেসার্স হাসনাত কর্পোরেশন’-এর মালিক ও বিসিআইসি সার ডিলার মো. আবু ইউসুফকে (৬৫) হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আলিউজ্জামানের ছেলে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অপরাধ স্বীকার করায় মো. আবু ইউসুফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মুনাফা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন






