সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদের গার্ণাটা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মনসুর আলম (৩১) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

গত ২২ (শনিবার) আগস্ট বিকেলে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে ২৩ (রবিবার) আগস্ট রাতে তাঁর মৃত্যুর খবর জানাজানি হলে রাঙ্গুনিয়ায় তাঁর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত মোহাম্মদ মনসুর আলম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকার মাত মেম্বারের বাড়ির মৃত বদিউল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বিকেলে রিয়াদের গার্ণাটা এলাকায় কাজে যাওয়ার জন্য গাড়িতে রওনা হন মনসুর আলম। তিনি গাড়ির সামনের আসনে বসেছিলেন। গাড়িটি প্রধান সড়কে ওঠার সময় পেছন থেকে একটি জিএমসি (GMC) গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে মনসুর গাড়ির সামনের গ্লাসে আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় মনসুরকে বহনকারী গাড়ির চালক সামান্য আহত হলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তিনিই দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানিয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী জিএমসি গাড়ির চালককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

নিহত মনসুর আলমের মরদেহ বর্তমানে রিয়াদের মুয়াছাত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর ভাই সিরাজ বর্তমানে দুবাই থেকে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। প্রবাসী মোহাম্মদ সরোয়ার আজম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ৭-৮ বছর ধরে প্রবাসে অবস্থান করছিলেন মনসুর আলম। সৌদি আরবে তিনি ইন্টেরিয়রের কাজ করতেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।

মনসুরের ছোট ছেলের বয়স মাত্র ১০ মাস। প্রবাসে থাকার কারণে ছোট ছেলেটিকে এখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি তাঁর। সন্তানের মুখ দেখার আগেই তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

স্বজনরা দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top