ঈদগাঁওয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, ১২ চালককে জরিমানা

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে টমটম, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

অভিযানকালে সড়ক পরিবহন আইন অমান্য করে চলাচল করা অবৈধ টমটম, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম লঙ্ঘনের দায়ে ১২ জন চালককে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়কে যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top