চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী চ্যানেল দিয়ে যাওয়ার সময় কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে রিটেইনিং ওয়ালের সঙ্গে আটকে গেছে। জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে বন্দরের শক্তিশালী দুইটি টাগবোট এবং নৌবাহিনী, কোস্টগার্ড কাজ করছে। তবে বন্দর চ্যানেল নিরাপদ ও উন্মুক্ত রয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, বন্দর চ্যানেল দিয়ে যাওয়ার সময় কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে, জাহাজটি ২ নম্বর লাল বয়ার সাথে ধাক্কা খায় এবং পরবর্তীতে প্রতিরোধক রিটেইনিং ওয়ালে আটকে যায়। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। কাণ্ডারী-৪ এবং কাণ্ডারী-১১ টাগবোট দুটিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
জাহাজটিকে সুরক্ষিত করতে এবং চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের মতো সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ কাজ করছে। বন্দর চ্যানেল নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এসএ





