চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৩ জনে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৩৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪০ জন। একই সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শনাক্ত হয়েছেন আরও ৫১৩ জন। সব মিলিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৫৩ জন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩ হাজার ১৩১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





