অপ্রতীমের মৃত্যুতে মর্মাহত পূজা চেরি, চাইলেন সুষ্ঠু তদন্ত

বিনোদন ডেস্ক: ১৩ বছর বয়সী অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অপ্রতীমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

পোস্টে পূজা চেরি লেখেন, অপ্রতীমের মৃত্যুর খবর দেখে তিনি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান এবং একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বলেও উল্লেখ করেন তিনি।

অপ্রতীমের মৃত্যুকে শুধু একটি পরিবারের জন্য নয়, সবার জন্যই গভীর শোকের ঘটনা হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সৃষ্টিকর্তার কাছে তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি কামনা করেন তিনি।

পূজা চেরি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে অপ্রতীমের মৃত্যুর প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন। ঘটনার জন্য যারা দায়ী, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

পোস্টের শেষদিকে অপ্রতীমের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে পূজা লেখেন, ‘অপ্রতীম, তুমি শান্তিতে থেকো।’ একই সাথে শিশুটির জন্য ভালোবাসা ও প্রার্থনা জানান তিনি।

পূজার এই পোস্টের পর তার অনুসারীরাও অপ্রতীমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top