চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা ফেরত এবং হেয়ার কাট পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে নগরীর বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে তারা অবস্থান নেন।
এ সময় বিক্ষোভকারীরা “আমার টাকা ফেরত চাই”, “হেয়ার কাট মানি না” এবং “আমানত নিয়ে টালবাহানা চলবে না”—এমন নানা স্লোগান দেন।
আন্দোলনে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকে জমা রাখা তাদের অর্থ উত্তোলন করতে পারছেন না। প্রয়োজনের সময় টাকা না পেয়ে অনেকেই পরিবার চালানো ও ব্যবসা পরিচালনায় চরম ভোগান্তিতে পড়েছেন। সামনে ঈদুল আজহা থাকায় কোরবানির প্রস্তুতিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে জানান তারা।
বিক্ষোভকারীরা দ্রুত আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, উত্তোলনের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় নিরাপত্তার কারণে বিক্ষোভকারীদের নিউমার্কেট মোড়ে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আলকরণ মোড়ে অবস্থান নেন এবং পরে বাংলাদেশ ব্যাংকে একটি স্মারকলিপি জমা দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





