চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটলেও আজ রোববার (০১ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। গুরুতর আহতবস্থায় জাকির হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুরুল আলম আশেক।
তিনি জানান, রিয়াজউদ্দিন বাজার থেকে বাসায় যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা জাকির হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তাকে কিরিচ দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ইমার্জেন্সিতে ভর্তি করায়।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তার ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






