চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ১৮ জন।

আজ রোববার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ৯ জন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। তাদের মধ্যে পাঁচজন ডেঙ্গু হেমোরেজিক ফিভার) এবং একজন ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত।

এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ একজন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে একজন ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মরিয়ম বেগম (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পাহাড়তলী এলাকার কাজী জাহানারা কলোনির বাসিন্দা মরিয়ম গত ১০ জুলাই হাসপাতালে ভর্তি হন এবং ১১ জুলাই মারা যান।

চিকিৎসকদের মতে, তার মৃত্যুর প্রধান কারণ ছিল ডেঙ্গু শক সিনড্রোম ও মায়োকার্ডাইটিস।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪৪৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৭৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮০ জন।

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top