চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা দেয়। এতে মো. আলমগীর (৫০) নামের একজনের মৃত্যু হয়। যিনি বাস চালকের সহকারী বলে জানা গেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী আহত হন।
আজ সোমবার (৯ নভেম্বর) সকালে পতেঙ্গার সমুদ্র সৈকত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত মো. আলমগীরের বাড়ি নোয়াখালী সদর এলাকায় বলে জানা গেছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শারমিন, লুৎফা বেগম, মাহমুদুর নামের কয়েকজন যাত্রীর নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আহত যাত্রীদের সবাই পোশাক কারখানার কর্মী। সকালে তারা বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসটি আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ওসি পারভেজ আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






