চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে দামপাড়া এলাকার একটি পুকুর থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দামপাড়া পল্টন রোডের বাগমনিরাম সিটি করপোরেশন স্কুলের সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি মো. ইউসুফ (৫২) নামে ওই রিকশাচালকের বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর এলাকায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার এসআই প্রকাশ রায় বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। পরে মো. ইউসুফ নামে ওই ব্যক্তির ভাই ও ছেলে এসে পরিচয় নিশ্চিত করে।
পরিবারের সদস্যদের বরাতে তিনি বলেন, ‘ইউসুফ একসময় পরিবার নিয়ে ব্যাটারিগলি এলাকায় থাকতেন। ছেলে মেয়েরা আলাদা হয়ে যাওয়ার পর এখন তার কোন বাসা নেই। রাতে রিকশায় কিংবা মাজারে ঘুমাতেন। স্থানীয়রা বলেছে, ইউসুফ বিভিন্ন সময়ে পুকুরটিতে এসে গোসল করতেন। তার পরিচিত কয়েকজন রিকশাচালক বলেছেন, বিভিন্ন সময়ে ইউসুফ অজ্ঞান হয়ে যেতেন আবার কিছু সময় পর জ্ঞান ফিরত। আমাদের ধারণা তার মৃগী রোগ থাকতে পারে।’
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ






