মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে পরিবেশ ছাড়পত্র ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ছাড়া বালু উত্তোলনের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল (জেভি)-কে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার (১৯ জুলাই) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোনিয়া সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ক্ষতিপূরণ হিসেবে নির্ধারিত ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারের সংশ্লিষ্ট হিসাবে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস সড়ক নির্মাণের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল (জেভি)-কে মহেশখালী চ্যানেল সংলগ্ন হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। গত ২ এপ্রিল জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি ১৩টি শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দেয়।
তবে অভিযোগ রয়েছে, অনুমোদন পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন না করেই মহেশখালী চ্যানেল ও উপকূলীয় এলাকা থেকে ব্যাপকভাবে বালু উত্তোলন করে আসছে। একই সঙ্গে জেলা প্রশাসনের আরোপিত ১৩টি শর্তের অধিকাংশই যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
এ বিষয়ে কক্সবাজারের পরিবেশবাদী সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে এবং প্রয়োজনীয় পরিবেশগত মূল্যায়ন ছাড়াই এভাবে নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত থাকলে মহেশখালীর উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






