চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে এবং ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চাটগাঁ নিউজ/এমকেএন





