চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে দেশের বাকি এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
চাটগাঁ নিউজ/এমকেএন





