খুলশীর নতুন ওসি সোলায়মান, বাকলিয়ায় জাহেদুল: বিতর্কিত আরিফ ক্লোজড!
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার জের

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একইসাথে পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এক অফিস আদেশে মহানগরীর গুরুত্বপূর্ণ দুটি থানা—খুলশী ও বাকলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদে এই পরিবর্তন আনা হয়। শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসনাত মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল আনা হয়।

জানা গেছে, খুলশী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে সিএমপির লাইন-ওয়্যার-এ বদলি করা হয়েছে। সিএমপির সিটি এসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া বাকলিয়া থানার বর্তমান চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মানকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুলিপি পাঠিয়ে এই আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top