‘ক্যাম্পাসে সহিংসতা নয়, গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি’

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সিএমপি কমিশনার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ক্যাম্পাসে সহিংসতা নয়, বরং একটি গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এর আগে মঙ্গলবার সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে যান তিনি।

সাদিক কায়েম অভিযোগ করেন, বহিরাগতদের এনে ধারালো অস্ত্র, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। গুরুতর আহতদের মধ্যে আশরাফুল নামে এক নেতা বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের ছবি, ভিডিও ফুটেজ ও প্রয়োজনীয় তথ্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

এ ঘটনায় আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

সাদিক কায়েম বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ নতুন ধারা প্রত্যাশা করলেও ক্যাম্পাসে সহিংসতা সেই প্রত্যাশাকে ব্যাহত করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ সময় ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top