কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কর্ণফুলী নদীর মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, মৎস্য সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। মৎস্য ধরা বন্ধকালীন সময়ে সকল মৎস্যজীবিদের উচিত কাপ্তাই লেক এবং কর্ণফুলি নদী হতে মাছ ধরা হতে বিরত থাকা। এছাড়া কোন ভাবেই মাছ ধরার সময় কারেন্ট জাল ব্যবহার করা যাবে না।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ





