কাঠের বোটে মিলল ২ হাজার লিটার চোরাই ডিজেল, আটক ২

চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোরাই ডিজেল বহনকারী একটি কাঠের বোট জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেকেন্দার আলীর ছেলে নৌকার মাঝি নুর আক্তার (২৮) এবং একই উপজেলার ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের বদী মেম্বারের বাড়ির মো.বাবুলের ছেলে ফয়সাল আলম (২২)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন বলেন, নিয়মিত নৌ টহলের সময় কর্ণফুলী নদীতে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বোটে থাকা ১০টি স্টিলের ড্রামে মোট ২ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে ডিজেল ছিল। আটক দুই ব্যক্তি জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top