চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকা থেকে কলেজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হওয়ার পর মিথিলা নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবার।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, শিক্ষার্থী মিথিলা নিখোঁজের জিডি হওয়ার পর থেকেই পুলিশ মাঠে নেমেছে। মুক্তিপণের দাবির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুতই নিখোঁজ ছাত্রীকে উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিখোঁজ মিথিলা বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন কলেজের ইউনিফর্ম পরে বাসা থেকে বের হন মিথিলা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।
নিখোঁজের ভাই হৃদয় জানান, থানায় জিডি করার পরপরই একটি অপরিচিত নম্বর (ব্রিলিয়ান্ট অ্যাপস-এর ভিওআইপি নম্বর) থেকে তাকে ফোন করা হয়। ফোন করে জিডি তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তার বোনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, মুক্তিপণের ৫ লাখ টাকার মধ্যে কিছু টাকা দিতে রাজি হলেও অপহরণকারীরা নির্দিষ্ট কোনো স্থান বা মাধ্যমে টাকা হস্তান্তরের সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি। দফায় দফায় ফোনে হুমকি দেওয়ায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
চাটগাঁ নিউজ/এসএ





