চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় বিদেশির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবুল কালাম আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, আসামিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত এবং তাদের কাছ থেকে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরি, তেমনি তারা পর্যটন বা অন্য কোনো কাজে বাংলাদেশে এসে থাকলে আইনি প্রক্রিয়ায় তাদের মুক্তির সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রহণ করে।
চাটগাঁ নিউজ/জেএইচ






