অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ, জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চকবাজারের গুলজার মোড় এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একইসঙ্গে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে সিরাজউদদৌলা সড়কের প্যারেড কর্নার এলাকায় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।

এ সময় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার দায়ে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

মালিকানাবিহীন আনুমানিক ১ হাজার ফুট বালু ও কংক্রিট জব্দ করা হয়। এ ছাড়া নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে চকবাজারের গুলজার মোড় এলাকায় বিভিন্ন স্থানে সাঁটানো অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

চসিক সূত্র জানায়, নগরের সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে নির্মাণসামগ্রী রাখা এবং অনুমোদনহীন পোস্টার-ব্যানার স্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগরের জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top