উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর বি/২ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্প-৬-এর বি/২ ব্লকের আনিছুল মোস্তফার শেল্টারে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন তথ্য পায় নৌকারমাঠ পুলিশ ক্যাম্প। পরে ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মাসুদুর রহমানের নির্দেশে এসআই মো. নুরুল ইসলাম মজুমদার, এএসআই মো. আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে আনোয়ার সাদেক (২২) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি ক্যাম্প-৬-এর বি/৩ ব্লকের বাসিন্দা এবং আব্দুল জাব্বারের ছেলে।

পরে আনোয়ার সাদেকের হাতে থাকা কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে আটটি সাদা পলি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে সাতটি প্যাকেটে ৫০০ পিস করে মোট ৩ হাজার ৫০০ পিস এবং অপর একটি প্যাকেটে ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশের জিজ্ঞাসাবাদে আনোয়ার সাদেক জানান, তিনি আনিছুল মোস্তফার কাছ থেকে ইয়াবা কেনার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এ সময় আনিছুল মোস্তফা পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮২০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক আনিছুল মোস্তফাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top