চাটগাঁ নিউজ ডেস্ক: ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মতে, দীর্ঘমেয়াদি এ রোগ সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় জটিলতা বাড়ছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে আজ শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড আয়োজিত র্যালি ও বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসকরা এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘Early Action on Diabetes’।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে ডায়াবেটিস প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগের প্রাথমিক শনাক্তকরণের বিষয়ে জনসচেতনতার বার্তা তুলে ধরা হয়।
পরে দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলার কনফারেন্স হলে ‘Scientific Seminar on World Diabetes Day 2026: Early Action on Diabetes’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মো. আশরাফুল হোসাইন। তিনি ডায়াবেটিসের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। রোগের ঝুঁকি কমাতে শুরু থেকেই সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী।
প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. এ এস এম জাহেদ, পার্কভিউ হসপিটাল লিমিটেডের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস্টেট্রিকস ও গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফিকুর নাহার মোনা।
আলোচনায় সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের কোনো বিকল্প নেই। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ডায়াবেটিসজনিত জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রোগ নিয়ন্ত্রণে চিকিৎসক ও রোগী উভয়ের সচেতনতা প্রয়োজন। পাশাপাশি চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরা, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
কর্মসূচির পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম ও তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম দায়িত্ব পালন করেন।
চাটগাঁ নিউজ/শরীফ/জেএইচ






