রাউজান প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট ও ভিডিও প্রকাশের জেরে চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ মুরাদ (৩৩) নামে এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে ছুরিকাঘাত করে পালিয়েছে মোহাম্মদ সাব্বির (৩৪) নামের এক দুর্বৃত্ত।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র নোয়াপাড়া পথেরহাটের ব্যস্ততম আমির মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। পরে ওই ব্যবসায়ীকে গুরুতর আহতবস্থায় নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলাকারী পালিয়ে যাওয়ার পর মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় নারীসহ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও ছোটাছুটি শুরু হয়। আকস্মিক এ ঘটনায় ব্যস্ত বাণিজ্যিক এলাকাটিতে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়।
জানা গেছে, আহত মুরাদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের শামশুল আলম সওদাগরের ছেলে। তিনি আমির মার্কেটের ১ নম্বর গলিতে অবস্থিত ‘মৌসুমী স্টোর’ নামের কাপড় ও কসমেটিকসের দোকানের মালিক। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাব্বির একই গ্রামের মো. শফির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাব্বির ব্যবসায়ী মুরাদকে মার্কেটের বাইরে থেকে ধাওয়া করেন। প্রাণভয়ে মুরাদ দৌড়ে আমির মার্কেটে নিজের দোকানে আশ্রয় নেন। কিন্তু পিছু ধাওয়া করে সাব্বিরও দোকানের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ‘ভিডিও কেন ডিলিট করিসনি’ বলে মুরাদের পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠান। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত সাব্বির।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার সময়ের একটি ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পরও আহত মুরাদের কাছে নিজের প্রকাশিত ভিডিওগুলো মুছে ফেলার দাবি করছেন সাব্বির। এ সময় তাকে বলতে শোনা যায়, আমার যেসব ভিডিও পাবলিশ করেছিস, সবগুলো ভিডিও ডিলিট করবি।’ জবাবে রক্তাক্ত মুরাদ বলেন, ‘খোদার কসম, সব ডিলিট করে দিব। আমার মরা মা-বাবার কসম, ডিলিট করে দিব।
ভিডিওতে সাব্বিরকে মুরাদের ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায়। জবাবে মুরাদ তিন মাসের মধ্যে তার ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে সাব্বির জানতে চান, তার ভিডিও কে প্রকাশ করেছে। উত্তরে মুরাদ ‘মানিক্কে মানিক্কে’ বলে উল্লেখ করেন। তবে সাব্বির তাকেই সব ভিডিও প্রকাশের জন্য দায়ী করেন এবং ভিডিও মুছে ফেলার পাশাপাশি তার ভাইকে দিয়ে ক্ষমা চাওয়ানোর দাবি জানান। এ সময় মুরাদ সবার সামনে ভাইকে দিয়ে ক্ষমা চাওয়ানোর আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। ভিডিওতে দোকানের সামনে অন্যদের এগিয়ে আসতে দেখে সাব্বিরকে ‘কেউ সামনে আসবি না’ বলে হুমকি দিতেও শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে দোকানের ভেতরে এমন হামলার ঘটনায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। কেনাকাটা করতে আসা নারীসহ ক্রেতারা দিগ্বিদিক ছুটাছুটি করেন। এতে পথেরহাটের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ পৌঁছার আগেই আহত ব্যবসায়ীকে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছিল। হামলাকারী পালিয়ে গেছেন। আহত ও অভিযুক্ত দুজনের বাড়িই নোয়াপাড়ার পটিয়াপাড়া গ্রামে।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ






