ঈদ সামনে রেখে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে ১৭ ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) জেলা প্রশাসনের উদ্যোগে নগরের খাতুনগঞ্জ, হালিশহর, বক্সিরহাট ও বন্দর এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

“উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ” প্রতিপাদ্যে পরিচালিত এ অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সুব্রত হালদার, তানভীর হাসান তুরান এবং ফারিস্তা করিম।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। ঈদুল আজহা উপলক্ষে গঠিত বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top