চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ইপিজেডে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে নিলয় বিশ্বাস নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে ।
আজ শনিবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
সাগরে ডোবার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া ইমন দে (১৮) নামে আরও এক তরুণ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, নিলয় বিশ্বাস চট্টগ্রাম নগরীর ফ্রিপোর্ট এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাদের আদি বাড়ি যশোর জেলায় হলেও বাবা-মা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) চাকরি করার সুবাদে তারা ফ্রিপোর্ট এলাকাতেই বসবাস করতেন। অন্যদিকে চিকিৎসাধীন তরুণ ইমনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহ-উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহজাহান জানান, শনিবার সকালে স্থানীয় একদল কিশোর-তরুণ আকমল আলী পকেট গেট এলাকার সাগরপাড়ে ফুটবল খেলেন। খেলা শেষে বেলা ১২টার দিকে তাদের কয়েকজন সাগরে গোসল করতে নামেন।
এ সময় হঠাৎ নিলয় ও ইমন সাগরের তীব্র স্রোতের টানে ভেসে যেতে থাকলে উপস্থিত স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। পরে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





