কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীদের যৌথ প্রচেষ্টায় সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া শুরু করে তারা।
পরে উদ্ধার অভিযান চালিয়ে ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল শান্ত। তার সন্ধানে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা তল্লাশি শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/শাহেদ/জেএইচ






