বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার উঠে আসছে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। সিরিজটির পঞ্চম সিজনের ১৩তম পর্বে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে দর্শকদের জন্য থাকছে ভিন্নধর্মী আয়োজন।
নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিকমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি জানান, নতুন পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল ঘিরে আবেগ, উন্মাদনা ও প্রতিদ্বন্দ্বিতার নানা মজার মুহূর্ত তুলে ধরা হবে।
পোস্টে তিনি লিখেছেন, ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের চিরপ্রতিদ্বন্দ্বিতার উত্তাপ এবার দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।
এদিকে নতুন পর্ব উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমকের ঘোষণাও দিয়েছেন এই নির্মাতা। তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং (প্রি-বুক) করলে নির্বাচিত ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।
ঘোষণার পর থেকেই সামাজিকমাধ্যমে নতুন পর্বটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ।
চাটগাঁ নিউজ/এমকেএন





